রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে আগামী তিন দিনের মধ্যে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও পোস্টার অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জনদুর্ভোগ কমানো এবং শহরের সৌন্দর্য রক্ষার লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় সূত্র জানায়, সাধারণ রাজনৈতিক ও সাংগঠনিক প্রচারণার অংশ হিসেবে টাঙানো সব ব্যানার ও পোস্টার নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে ফেলা হবে।
তবে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে টাঙানো শোকবার্তা সম্বলিত ব্যানার ও পোস্টারগুলো আপাতত অপসারণ করা হচ্ছে না। শোক পালনের অংশ হিসেবে এসব ব্যানার আরও কিছুদিন নির্ধারিত স্থানে বহাল থাকবে বলে জানিয়েছে দল।
এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীনসহ সংশ্লিষ্ট সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
দলীয় নেতারা জানান, বিএনপি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে যেকোনো কর্মসূচি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট প্রচারসামগ্রী নিজ উদ্যোগে সরিয়ে ফেলার চর্চা থাকবে। রাজধানী থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী তিন দিনের মধ্যে সারা দেশে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাসেবক ও নেতাকর্মীরা ইতোমধ্যে নিজ নিজ এলাকায় ব্যানার ও পোস্টার অপসারণের কাজ শুরু করেছেন। বিএনপির আশা, এই উদ্যোগের ফলে নগরবাসী দীর্ঘদিনের দৃশ্যদূষণ থেকে স্বস্তি পাবে এবং শহরগুলো তাদের হারানো সৌন্দর্য ফিরে পাবে।









