ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তজনা বিবেচনায় কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা প্রচার করা হয়। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে মিশন।
দূতাবাসের নির্দেশনায় প্রবাসীদের অকারণে ঘরের বাইরে বের না হতে এবং যেকোনো ধরনের সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে অবস্থানের অনুরোধ জানানো হয়েছে। সম্ভাব্য যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় প্রবাসীদের সবসময় প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার, নগদ টাকা এবং মোবাইল ফোনের চার্জার।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের কাতারের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড না করার জন্য কঠোরভাবে নিষেধ করা হয়েছে। দূতাবাস সতর্ক করে জানিয়েছে যে, এ ধরনের কর্মকাণ্ড কাতারের বিদ্যমান আইনের লঙ্ঘন হতে পারে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
যেকোনো জরুরি প্রয়োজনে বা সাহায্যের জন্য প্রবাসীদের দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ অথবা ইমেইল (mission.doha@mofa.gov.bd) ঠিকানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর দূতাবাস সার্বক্ষণিক নজর রাখছে বলেও জানানো হয়।









