জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬ টার পরিবর্তে ৭টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্তে এসেছে সরকার।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারের এ নতুন সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখকে সামনে রেখে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। আজ থেকেই নতুন এই সময়সূচি কার্যকর হবে।
ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতি আমাদের কাছে একটি আবেদন করেছিল যাতে তাদের কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেই। যদিও মন্ত্রিসভা বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরে প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অবশ্যই জরুরি সেবা যারা দেয় তারা এর আওতার বাইরে থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানান বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।









