করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আজ থেকে খুলে দেয়া হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। তবে সশরীরে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ২১শে অক্টোবর থেকে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী হলে উঠতে শিক্ষার্থীদের করোনা ভাইরাসের অন্তত এক ডোজ টিকা নেয়ার সনদ দেখাতে হচ্ছে।
আপাতত শিক্ষার্থীরা হলে থেকেই অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং তাদের যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের দোকান মালিক, কর্মচারী, রিকশা-ভ্যান চালকদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হলেও বর্তমানে রয়েছে তীব্র আসন সংকট। সমস্যা নিরসনে তৈরি হচ্ছে ১০ তলাবিশিষ্ট অত্যাধুনিক ছয়টি হল। নতুন হলগুলোতে থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা।
প্রতিটি হলে এক হাজার শিক্ষার্থীর আসন ব্যবস্থা রয়েছে। এতে পূর্ণাঙ্গ আবাসিক রূপে ফিরবে জাবি। নতুন হলগুলো নির্মিত হলে ক্যাম্পাসে হলের সংখ্যা দাঁড়াবে ২২টি। এর মধ্যে ১১টি ছেলেদের এবং ১১টি মেয়েদের।
আনন্দবাজার/শহক








