উওরের হিম বায়ুর কলরবে জমে উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) গুনগুন আর রনণের বই মেলা। নানা ধরনের বই দিয়ে সাজানো হয়েছে মেলার স্টলগুলো। ভীড় করছেন কবি, সাহিত্যক, প্রবীণ এবং কমবয়সী তরুণ-তরুণী থেকে শুরু করে বাবা-মায়ের হাত ধরে চলা ছোট ছোট সোনামনিরাও।
প্রতি বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য ক্যাম্পাসের হাজারো বইপ্রেমী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ঢাকা ও রংপুরের বিভিন্ন প্রকাশনী এবং শিল্প-সাহিত্য বিষয়ক সংগঠনগুলো মেলায় অংশ নিয়ে থাকে। এবছর মেলায় ২৮টি স্টল অংশ নিয়েছে।
১২ ফেব্রুয়ারি শুরু হওয়া এ বইমেলা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলার পাশাপাশি রয়েছে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা।
সোমা আহসান নামের এক শিক্ষার্থী বলেন,‘‘পৃথিবীর সব থেকে সুন্দর মেলা হলো বই মেলা। এখানে এসে লাভ না হলেও ক্ষতি হবেনা অন্তত। মেলায় আসলে নানান রকমের সাহিত্য প্রেমী মানুষের সহচরে জীবনকে ভাবতে সাহায্য করবে। তরুণ প্রজন্মের পাঠকদের মাঝে বই পড়ার আগ্রহ আশা করি এই মেলা থেকে সৃষ্টি হবে।’’

শো দ্যা ক্রিয়েটিভিটি নামক স্টলের বই বিক্রেতা জসিম উদ্দিন রিয়াজ বলেন,‘‘মেলায় বইপ্রেমীদের বেশ সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে নতুন লেখক সহ সব ধরনের বই বিক্রি হচ্ছে। বাকি আরও ভালো সাড়া পাওয়া যাবে বলে আশা করছি।’’ এদিকে লালবাগ থেকে পরিবার সহ বইমেলায় এসেছেন মিজানুর রহমান সাহেব তিনি বলেন, আমি সাহিত্যকে ভালবাসি তাই বইমেলায় আমার পরিবারকে নিয়ে ঘুরতে এসছি। বইমেলার আয়োজক ও গুনগুনের সভাপতি উমর ফারুক দৈনিক আনন্দ বাজার-কে বলেন, “নতুন প্রজম্মরাই আগামী দিনের ভবিষ্যৎ। সে লক্ষ্যে এবারের বই মেলাটি শিশুদের দিয়েই উদ্বোধন করেছি। শিক্ষার্থীদের সাথে বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করতেই এ বইমেলার আয়োজন। সবার অংশগ্রহণে সামনের দিন দিনগুলো মেলা প্রাণবন্ত হবে এটাই প্রত্যাশা করি।”
আনন্দবাজার/রনি








