বিশ্ব আজ করোনা কবলে পড়ে নিস্তব্ধ । বদলে গেছে সবকিছু। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে এনেছে ব্যাপক পরিবর্তন। তারপরও থেমে নেই জীবন। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে হোম কোয়ারেন্টাইনে থাকলেও অনেক শিক্ষার্থী অনলাইনে ক্লাসে অংশ নিচ্ছেন, পরিকল্পনা মাফিক সময়কে কাজে লাগাচ্ছেন। আবার কাছের মানুষদের হোম কোয়ারেন্টাইনে থাকতে সচেতন করে তুলছেন।
তবে স্কুল ও কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানকে যেমনটা মিস করছে তেমনটা মিস করছে তাদের বন্ধু বান্ধবীদের। বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড় আর আড্ডা নেই। ক্লাসে বসে ঘণ্টা পর ঘণ্টা নেই পড়াশুনা।
করোনার কারণে প্রায় ১ মাস ধরে বন্ধ কাপ্তাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকায় এই উপজেলায় কয়েকটি স্কুল এবং কলেজের মেধাবী শিক্ষার্থীদের কেমন কাটছে এই গৃহবন্দী জীবন তাদের অনুভুতি গুলো তুলে ধরেছেন অর্ণব মল্লিক।
কর্ণফুলী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাসাসিং মারমা, দীর্ঘ ১ মাসেরও অধিক সময় ধরে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না, খুব মিস করছি সহপাঠীদের। ঘরে বসে একগেঁয়েমী লাগছে।
কাপ্তাই নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সায়েমা তাসনিম বলেন, কতদিন হয়ে গেলো এলার্মের আওয়াজে ঘুম থেকে উঠে প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হয়না। কি এক সময় এল, এমনটা কি কেউ ভেবেছিলো! পুরো পৃথিবী আজ থমকে গেছে, নেই কোন কোলাহল, নেই কোন ব্যস্ততা। সর্বশ্রেষ্ট মানুষ হয়েও আমরা আজ একটি ক্ষুদ্র অনুজীবের কাছে পরাস্ত। তবে আমাদের কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ ভার্চুয়াল ক্লাস চালু করায় আমরা অনলাইনে ক্লাসে অংশগ্রহন করতে পারছি। এই ভার্চুয়াল ক্লাসে অংশ নিতে পেরে অনেক ভালো লাগছে।
এদিকে কাপ্তাই নৌবাহিনী স্কুলের দশম শ্রেণীর ছাত্র মো ইহসানুল আলম বলেন, অনেক দিন বিদ্যালয়ে যেতে না পেরে বন্ধুদের সাথে দেখা না হওয়ায় খুব বিরক্তিবোধ করছি। এই লগডাউন অবস্থায় বাসায় থেকে লেখাপড়া করছি। এছাড়া স্যোশাল মিডিয়ার কল্যাণে বন্ধুদের সাথে যোগাযোগ হচ্ছে। এইভাবে বাসায় সময়টা কাটছে।
কেপিএম স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবন্তী ঘোষ বলেন, এরকম দুর্যোগ পরিস্থিতি আগে কখনো দেখিনি। অনেকদিন বিদ্যালয়ে যেতে না পারায় খুব মিস করছি প্রিয় শিক্ষক এবং বন্ধুদের।বাড়িতে লেখাপড়া এবং আনুসাঙ্গিক কাজ করে সময়টা কাটছে। এই ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।
একদিন মুখরিত হবে প্রিয় ক্যাম্পাস, আবারোও নিয়ম করে ঘুম থেকে উঠে স্কুল কলেজে যাবো- সকলের সেই প্রত্যাশা।
আনন্দজাজার/শহক/অম








