চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষা। এর জন্য আগামী ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএসসি ও দাখিল পরীক্ষা উদ্দেশ্যে তিনি এ নির্দেশ দেন।
শিক্ষামন্ত্রী জানান, ‘এবছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় সারাদেশে সবমিলিয়ে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। যেখানে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন।
তিনি আরও জানান, ‘আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে সারা দেশে সৃজনশীল প্রশ্নপত্রে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া এবছর সারাদেশে মোট ৩৫১২টি কেন্দ্রের ২৮ হাজার ৮৮৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।
উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ জন ছাত্রী বেশি অংশ নিচ্ছে। পাশাপাশি দাখিল পরীক্ষায় ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৮৭ জন ছাত্রী বেশি অংশ নেবে।’
আনন্দবাজার/শাহী









