- দুর্ঘটনার শঙ্কায় শিক্ষার্থীরা
বিদ্যালয়ের প্রাচীর ঘেরা মাঠ। মাঠের মধ্যে টিনের ছাউনি দেয়া অস্থায়ী আলুর আড়ৎ। ট্রাক্টরেলোড আনলোডের কাজ চলছে আড়তে। একটির পর একটি গাড়ি আলু আনা নেয়া করছে স্কুল মাঠের মধ্যে দিয়ে। টিফিন বিরতিতে ছোটাছুটি করে খেলছে শিক্ষার্থীরা। এমন অবস্থায় যখন তখন ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের শাপলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের ভেতরের চিত্র এটি।
নবম শ্রেণির শিক্ষার্থী শ্রী রায় বলেন, করোনার কারণে স্কুল অনেকদিন বন্ধ ছিলো। এখন খুলেছে। তবে টিফিন সময়ে আমরা খেলে পারছিনা। ফুটবল নিয়ে অনুশীলন করতে পারিনা।
শিক্ষার্থী দিবা বালা বলেন, আমাদের স্কুল মাঠে আলুর এমন আড়ৎ করাতে আমাদের খেলাধুলার সমস্যা হচ্ছে। আলু বোঝাই গাড়ি আসা যাওয়া করছে। স্থানীয়রা আলুরভ্যান গাড়িতে করে এখানে আলু দিয়ে যাচ্ছে। মাঠটা ব্যস্ত হয়ে গেছে আলুর কাজে। আমরা খেলাধুলা করতে পারছিনা। আমাদের মাঠটা পরিস্কার করে দিন। নয়তো আমরা চাকার নিচে পড়ে মারা যাবো।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক বলেন, আমরা সরকার থেকে টেবিল চেয়ার পাইনা। তাই স্কুলের এসব উন্নয়নের জন্য মাঠটা ভাড়া দেয়া হয়েছে।
শাপলা স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কালিকা রায় বলেন, স্কুলের উন্নয়নের জন্য মাঠ ভাড়া দেয়া হয়েছে। তারা কতটাকা ভাড়া দেন সেটি জানাননি শিক্ষক। কাকে ভাড়া দিয়েছেন সেটিও জানাননি তিনি।
স্কুল সূত্রে জানা গেছে, আলুর অস্থায়ী আড়ৎটি ভাড়া নিয়েছেন স্পাহানি নামের একটি কোম্পানী। তবে আড়ৎ কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কেউ কোনো তথ্য জানাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন বলেন, বিষয়টি জানা ছিলোনা। খোঁজ নিয়ে অবশ্যয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।









