মাধ্যমিক শিক্ষা
২০২২ শিক্ষাবর্ষের ৪১ দিন অতিবাহিত হয়েছে। তবে এখনও মৌলভীবাজারে মাধ্যমিকস্তরের শিক্ষার্থীদের হাতে প্রায় ২০ শতাংশ বই পৌঁছায়নি। মৌলিক বই না পেয়ে পাঠগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন ছাত্র/ছাত্রীরা। এদিকে করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপদগামী হচ্ছেন অনেক শিক্ষার্থী। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজারে এখনো ২০ শতাংশ বইয়ের সংকট রয়েছে। এর মধ্যে রয়েছে নবম শ্রেণির গণিত, বাংলা ও ইংরেজিসহ বিভিন্ন শ্রেণির একাধিক বই।
সময়মতো বই না আসায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেননি শিক্ষকরা। এতে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি অমনোযোগী হয়ে পড়ছে। একাধিক শিক্ষার্থী জানান, গুরুত্বপূর্ণ বিষয় বাংলা, ইংরেজি ও গণিত। এখন পর্যন্ত এ বইগুলো তারা পায়নি। এতে পড়ালেখায় অনেকটা পিছিয়ে পড়ছে তারা। বইয়ের জন্য বারবার স্কুলে যোগাযোগ করে লাভ হচ্ছে না।
সদরের অভিভাবক রিয়াজুর রহমান, কাওছার আহমদ ও রাজনগরের ছালিক মিয়া জানান, মূল পাঠ্যপুস্তক বাংলা, ইংরেজি ও গণিত না পেয়ে শিক্ষার্থীরা হতাশ। কবে নাগাদ তারা বই পাবেন তা-ও জানাতে পারছেন না শিক্ষকরা। সদর উপজেলায় মাধ্যমিক স্তরের একাধিক প্রধান শিক্ষক জানান, নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এখনো সব বই দেওয়া সম্ভব হয়নি। কবে দেওয়া হবে উপজেলা শিক্ষা অফিস থেকে এখনো কিছু জানানো হয়নি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বলেন, করোনার কারণে বই মুদ্রণে বিলম্ব হয়েছে। যার কারণে সময়মতো বই পৌঁছানো যায়নি। খুব শিগগিরই অবশিষ্ট বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলেও উল্লেখ্য করেন তিনি।









