২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্রসচিবদের বিতরণের তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ৫ ও ৬ এপ্রিল বিতরণ করা হবে পরীক্ষার প্রবেশপত্র। কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রবেশপত্র বিতরণ করা হবে ৭ এপ্রিল।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রবেশপত্র যাচাই করে কোনো প্রকার ত্রুটি বা কম বা বেশি হলে সংশোধন করিয়ে নেওয়ার জন্য অবশ্যই ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্দিষ্ট ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে।
অন্যথায় পরীক্ষায় কোনো প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরাই দায়ী থাকবেন। ত্রুটি সংশোধনের জন্য পরীক্ষার্থীর নাম, মাতাপিতার নাম, রোল নম্বর, রেজি. নম্বর, ভুলের বিবরণ, সঠিক যা হবে তা ছকে লেখে পাঠাতে হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষাকেন্দ্র-২০২৬–এর সব কেন্দ্রসচিবকে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইলের কেন্দ্রসচিবদের প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ এপ্রিল ও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জের কেন্দ্রসচিবদের প্রবেশপত্র বিতরণ করা হবে ৬ এপ্রিল।









