বাংলাদেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’ শিগগিরই অস্থায়ী স্থাপনা নির্মাণ করে নিজস্ব ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ী স্থাপনা নির্মাণে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের প্রধান প্রকৌশলী কর্নেল (অব.) মোস্তাাফিজুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বর্তমানে ভাড়া করা বাড়িতে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করছে। ভাড়া ভবন থেকে দ্রুততম সময়ের মধ্যে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে নিজস্ব ক্যাম্পাসে ফেরার প্রত্যাশা করছি। সেজন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ সিংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করছি।









