ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিদর্শনের সময় হাই কমিশনার প্রণয় ভার্মা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক বিনিময় এবং শিক্ষাবিষয়ক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ, সংগীত ও নৃত্যকলা বিভাগ পরিদর্শন করেন। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের কিছু পরিবেশনাও প্রত্যক্ষ করেন।
অধিকন্তু, প্রণয় ভার্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) পরিদর্শন করেন। সেখানে তিনি হিন্দি ভাষার পাঠ্যক্রম উন্নয়নে সহায়তার লক্ষ্যে আইএমএলের হিন্দি বিভাগের জন্য ১৫০টিরও বেশি বই উপহার দেন।









