প্রতিটি শিশুর কাছে মীনা একটি শক্তি, সাহস ও প্রেরণার প্রতীক, যে সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতাকে পেছনে ফেলে শিক্ষার আলোর পথে ছুটে চলে।
ঢাকা পিটিআইতে মীনা দিবস-২০২২ উপলক্ষে শনিবার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান এসব বলেন।
তিনি বলেন, মানব সম্পদ উন্নয়নের প্রধানতম হাতিয়ার শিক্ষা। শিশুদের জন্য আলোকিত আগামী নির্মাণ করতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তাই মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে জাতির ভিত গড়ার কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সবাইকে এ উদ্যোগে একযোগে কাজ করলেই তবে আমরা সফল হবো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দীলিপ বণিক প্রমুখ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে বক্তারা মানসম্মত শিক্ষার বিষয়ে বিস্তর আলোচনা করেন।
প্রতিবছর অন্যান্য দেশের মতো বাংলাদেশও ২৪ সেপ্টেম্বর ইউনিসেফ ঘোষিত মীনা দিবস পালন করে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা'।
মীনা দিবস-২০২২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির (মেলা, পাপেট শো, গল্প বলা) আয়োজন করা হয়।
আনন্দবাজার/কআ









