অতিরিক্ত শব্দদূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। ক্যাম্পাস সংলগ্ন পার্কে ডিজে পার্টি ও সামাজিক অনুষ্ঠানে দিনরাত উচ্চ শব্দে গান-বাজনার কারণে শ্রেণিকক্ষের স্বাভাবিক কার্যক্রম, পরীক্ষা ও আবাসিক হল বা ছাত্রাবাসে ঘুমের বিঘ্ন ঘটছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগেই এখন চলছে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। বিভিন্ন বিভাগের পরীক্ষা চলাকালীন এ সময়ে পার্শ্ববর্তী পার্ক থেকে আসা গানের উচ্চশব্দে বিড়ম্বনায় পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে টানা দুই থকে তিনদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন স্থানীয়দের এক সামাজিক অনুষ্ঠানে দিনরাত ডিজে পার্টির উচ্চ শব্দ নাজেহাল হওয়ার অভিযোগও করেন শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী সোহাগ মনি বলেন, উচ্চ মাত্রার সাউন্ডে গান বাজানোয় হলে আমাদের পড়াশুনা ও ঘুমে ব্যাঘাত ঘটছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম বলেন, এত জোরে সাউন্ড হচ্ছিলো যে পরীক্ষার হলের মধ্যে ঢুকে পরীক্ষার্থীদের কনসানট্রেশন ব্রেক হচ্ছিলো। আমরা জানালাগুলো বন্ধ করে দেওয়া চেষ্টা করেছি।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত বলেন, শব্দদূষণও কিন্তু পরিবেশ দূষণের অংশ। এটি নিয়ন্ত্রণের জন্য আইন রয়েছে, তবে মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা কম। গত কয়েকদিন ধরে এ সমস্যার কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বেশ অস্বস্তিতে রয়েছে। প্রশাসনের কাছে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ বিষয়ে কুবি সংলগ্ন স্বপ্নচূড়া পার্কের পরিচালক মিজানুর রহমান বলেন, পরীক্ষার মাঝে গান বাজানো হয়েছে বিষয়টা জেনে আমরা লজ্জিত। সামনে থেকে যথাসম্ভব সাউন্ড কমিয়ে রাখার চেষ্টা করবো।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক শওকত আরা কলি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। গতবারও রিসোর্টগুলোকে অতিরিক্ত শব্দ দূষণের কারনে নোটিশ করেছিলাম। এখন আবার নোটিশ করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ২০ ধারা প্রদত্ত ক্ষমতাবলে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ প্রণয়ন করা হয়েছে। যখানে শিক্ষাপ্রতিষ্ঠান ও এর চারপাশে ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। নীরব এলাকায় শব্দের মাত্রা ৪০-৫০ ডেসিবল ও আবাসিক এলাকায় ৪৫-৫৫ ডেসিবল।









