পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের আবহে টালিউড তারকাদের প্রতিক্রিয়া আবারও আলোচনায় এসেছে।বিশেষ করে আরজি কর মেডিকেল কলেজের ঘটনায় নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়কে ঘিরে অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তীর আবেগঘন প্রতিক্রিয়া নজর কেড়েছে।
৪ মে ফলাফল ঘোষণার পর মিমি চক্রবর্তী এই জয়কে নিজের কাছে “খুবই ব্যক্তিগত” বলে উল্লেখ করেছেন।
দীর্ঘদিন ধরে তিনি আরজি কর কাণ্ডে নির্যাতিতার পাশে দাঁড়িয়ে সোচ্চার ছিলেন।ঘটনার শুরু থেকেই দোষীদের কঠোর শাস্তির দাবিতে তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ভূমিকা রেখেছেন।
এই অবস্থান নেওয়ার কারণে তাকে বিভিন্ন সময় কটূক্তি ও হুমকির মুখেও পড়তে হয়েছে।তবে তিনি কোনোভাবেই পিছু হটেননি; বরং স্পষ্টভাবে জানিয়েছেন, হুমকি বা চাপ দিয়ে তাকে থামানো যাবে না।
উল্লেখ্য, ২০১৯ সালে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী।তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেন।রাজনৈতিক পরিচয়ের বাইরে দাঁড়িয়ে আরজি কর ইস্যুতে তার মানবিক অবস্থান অনেকের কাছেই প্রশংসিত হয়েছে।









