যুক্তরাষ্ট্রের ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আলোচিত আয়োজন মেট গালায় এবার নজর কাড়লেন পপ তারকা ম্যাডোনা। ৬৭ বছর বয়সেও তার ব্যতিক্রমী ও শিল্পনির্ভর উপস্থাপনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
এবারের মেট গালার থিম ছিল ‘কস্টিউম আর্ট’, আর সেই ধারণাকে কেন্দ্র করেই নিজের লুক সাজিয়েছেন ম্যাডোনা। তার পুরো লুক অনুপ্রাণিত ছিল লিওনোরা ক্যারিংটনের একটি চিত্রকর্ম থেকে। চিত্রকর্মে যেমন এক নারীর মাথায় অদ্ভুত গঠন, সঙ্গে বড় কাপড় বহন করছে কয়েকজন, ঠিক তেমনই বাস্তব রূপ দেখা যায় ম্যাডোনার উপস্থিতিতে।
কালো পোশাকে হাজির হওয়া ম্যাডোনার সবচেয়ে আলোচিত অংশ ছিল তার টপ হ্যাটের ওপরে বসানো একটি ছোট জাহাজ। এর সঙ্গে ছিল একটি হর্ন, যা তিনি হাতে ধরে ছিলেন। এই উপাদানগুলো পুরো লুকে চিত্রকর্মের সরাসরি প্রতিফলন তুলে ধরেছে।

ম্যাডোনার পোশাকের সঙ্গে যুক্ত ছিল একটি বিশাল, ধূসর রঙের স্বচ্ছ ওড়না। ওড়নাটি বহন করতে সাহায্য করেন সাতজন নারী সহকারী। সহকারীরা আলাদা আলাদা রঙের প্যাস্টেল পোশাক পরেছিলেন। প্রত্যেকের চোখে ছিল স্বচ্ছ অলংকার। পুরো দৃশ্য একসঙ্গে মিলে যেন একটি জীবন্ত শিল্পকর্ম হয়ে ওঠে।
এ উপস্থাপনায় শুধু ফ্যাশন নয়, একটি ভাবনাও রয়েছে। ম্যাডোনা এখানে নিজেকে এমন একজন শিল্পী হিসেবে তুলে ধরেছেন, যিনি প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কাজ করেন। তাঁর পোশাক, প্রপস, এমনকি সহকারীদের উপস্থিতিও সেই স্বাধীন শিল্পচর্চার প্রতীক।









