চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রবণতা বাড়লেও বড় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার।এখন থেকে অভিনয় ও চিত্রনাট্য বিভাগে শুধুমাত্র মানুষের সৃজনশীল কাজই পুরস্কারের জন্য বিবেচিত হবে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমেরিকার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস শুক্রবার (১ মে) নতুন নিয়ম ঘোষণা করেছে, যেসব অভিনয় স্পষ্টভাবে মানুষের দ্বারা সম্পন্ন এবং যেসব চিত্রনাট্য মানুষের লেখা, কেবল সেগুলোই অস্কারের জন্য যোগ্য বলে গণ্য হবে।
একাডেমি এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে উল্লেখ করেছে।এর আগে এত স্পষ্টভাবে বলা হয়নি যে পুরস্কারের জন্য কাজের মূল সৃজনশীল অবদান মানুষের হতে হবে।
সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র শিল্পে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে।মৃত অভিনেতাদের ডিজিটালভাবে পর্দায় ফিরিয়ে আনা থেকে শুরু করে সম্পূর্ণ নতুন ভার্চুয়াল চরিত্র তৈরি-সব ক্ষেত্রেই এ প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে।একইভাবে চিত্রনাট্য লেখার ক্ষেত্রেও এআইয়ের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে।
তবে নতুন নিয়মে এআইকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি।অভিনয় ও লেখার ক্ষেত্রে মানবসৃষ্ট কাজকে অগ্রাধিকার দেওয়া হলেও অন্যান্য কারিগরি বা সহায়ক কাজে এআই ব্যবহার করলে তা স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য বলে বিবেচিত হবে না।
একাডেমি জানিয়েছে, প্রতিটি চলচ্চিত্রের ক্ষেত্রে যাচাই করা হবে-সৃজনশীলতার মূল নিয়ন্ত্রণ কতটা মানুষের হাতে ছিল।প্রয়োজন হলে এআই ব্যবহারের বিষয়ে অতিরিক্ত তথ্যও চাওয়া হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির অগ্রগতিকে স্বীকার করেও সৃজনশীলতার কেন্দ্রবিন্দুতে মানুষকেই রাখতে চায় অস্কার কর্তৃপক্ষ।









