পবিত্র ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা কোরবানির ঈদ নামেও পরিচিত। প্রতিবছর ১০ জিলহজ তারিখে বিশ্বজুড়ে মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে থাকেন।
যুক্তরাজ্য ও ইউরোপভিত্তিক চাঁদ দেখার হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবন বিষয়ক শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।
তবে ইসলামি বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখ এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে শারজাহ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ ও জ্যোতির্বিদ্যাভিত্তিক হিসাব অনুযায়ী, হজ বা আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে। দেশটির শারজাহ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ ও জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি জানিয়েছেন, বৈজ্ঞানিক পূর্বাভাস দেওয়া হলেও ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ হবে সরাসরি চাঁদ দেখার ভিত্তিতে।
এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।









