প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ শনিবার সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগাদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান।
শনিবার(০২ এপ্রিল) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছেই প্রধানমন্ত্রী সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।এরপর সকাল ১১টার দিকে সিলেট সার্কিট হাউসসংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেখানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।পরে সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।এরপর বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন।
দিনের শেষ ভাগে বিকাল ৫টায় দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।









