বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে ‘ভূত বাংলা’।দর্শক সাড়া ও আয়-দুই দিক থেকেই ছবিটি আশাব্যঞ্জক অবস্থানে রয়েছে।তবে এই সাফল্যের মধ্যেই সিনেমাটিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
সম্প্রতি বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে, ছবিতে তাব্বু-র কিছু দৃশ্য কেটে দেওয়া হয়েছে এবং তা নাকি অক্ষয় কুমার-এর নির্দেশেই করা হয়েছে।এমনকি এই ঘটনা নিয়ে দুই তারকার মধ্যে মনোমালিন্যের কথাও ছড়ায়।
এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক প্রিয়দর্শন।এক সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।তার ভাষ্যমতে, তাব্বুর কোনও আপত্তি থাকলে তিনি সরাসরি তার সঙ্গেই কথা বলতেন।
পরিচালক জানিয়েছেন, ছবির সম্পাদনার পুরো দায়িত্ব তার হাতেই ছিল।তাব্বু ছবিতে নিজের চরিত্র ও উপস্থিতি নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট বলেও দাবি করেছেন তিনি।প্রিয়দর্শনের মতে, তাব্বু যা যা দৃশ্য শুট করেছেন, সবই সিনেমায় রাখা হয়েছে-কোনও দৃশ্য বাদ দেওয়া হয়নি।
অক্ষয় কুমারের সম্পাদনায় হস্তক্ষেপের অভিযোগও নাকচ করেন পরিচালক।তিনি বলেছেন, অক্ষয় কখনও এডিটিংয়ে হস্তক্ষেপ করেন না।বরং তিনি পরিচালকের ভাবনার ওপর আস্থা রেখে নিজের অভিনয়েই মনোযোগ দেন।
এ ধরনের গুজব ছড়ানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রিয়দর্শন।তার মতে, ছবির সাফল্যের মাঝেও ইচ্ছাকৃতভাবে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই।
এদিকে বক্স অফিসে ‘ভূত বাংলা’ ভালো ব্যবসা করছে।১ মে রাত ৮টা পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ১৩১.৯৭ কোটি টাকা।মুক্তির মাত্র ১৫ দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে সিনেমাটি।
ছবিতে অক্ষয় কুমার ও তাব্বু ছাড়াও অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, পরেশ রাওয়াল, মিথিলা পালকর এবং ওয়ামিকা গাব্বি।









