ইউটিউব অবশেষে ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত একটি ফিচার চালু করেছে।
বিশ্বজুড়ে ইউটিউব ফ্রি ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে চালু হচ্ছে পিকচার-ইন-পিকচার (পিআইপি) মোড।এই সুবিধার মাধ্যমে অন্য অ্যাপ ব্যবহার করার সময়ও ছোট একটি ভাসমান উইন্ডোতে ভিডিও দেখা যাবে।
নতুন আপডেটের ফলে অ্যান্ড্রয়েড ও আইওএস-উভয় ডিভাইসের ফ্রি ব্যবহারকারীরাই পিআইপি সুবিধা পাবেন। ফলে এখন আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই অ্যাপ থেকে বের হয়ে ভিডিও চালু রাখা সম্ভব হবে।
কী সুবিধা দেবে এই ফিচার
পিকচার-ইন-পিকচার (পিআইপি) মোড চালু হলে ব্যবহারকারীরা ইউটিউব অ্যাপ থেকে বের হয়েও ভিডিও দেখা চালিয়ে যেতে পারবেন।অর্থাৎ, মেসেজ করা, ইন্টারনেট ব্রাউজিং কিংবা অন্য কোনো অ্যাপ ব্যবহারের সময়ও ছোট ভাসমান উইন্ডোতে ভিডিও চলবে।সাধারণত হোম বাটন চাপলে বা স্ক্রিন সোয়াইপ আপ করলেই ভিডিওটি মিনিপ্লেয়ারে রূপ নেবে।
তবে এই সুবিধায় কিছু সীমাবদ্ধতাও রয়েছে।মিউজিক সম্পর্কিত কনটেন্ট-যেমন অফিসিয়াল মিউজিক ভিডিও, আর্ট ট্র্যাক, কিডস সং কিংবা ব্যবহারকারীদের আপলোড করা গান-এসব ক্ষেত্রে পিআইপি মোড কাজ করবে না।এসব সুবিধা এখনো প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যই রাখা হয়েছে।
উল্লেখ্য, ইউটিউব প্রথমে পিআইপি ফিচারটি শুধু প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করেছিল।পরে যুক্তরাষ্ট্রে সীমিতভাবে ফ্রি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়।এখন ধাপে ধাপে এটি বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে।
ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মিশ্র
নতুন এই আপডেট নিয়ে অনলাইনে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।কেউ এটিকে মাল্টিটাস্কিংয়ের জন্য দারুণ সুবিধাজনক বলে স্বাগত জানিয়েছেন, আবার কেউ মনে করছেন স্মার্টফোনে পিআইপি তো আগেই থাকা একটি সাধারণ ফিচার।
এছাড়া অনেকেই ইউটিউবের সমালোচনাও করেছেন।তাদের মতে, অ্যান্ড্রয়েড ও আইওএস-দুই প্ল্যাটফর্মেই প্রযুক্তিগতভাবে এই সুবিধা আগে থেকেই সম্ভব ছিল, তাই এতদিন সীমাবদ্ধ রাখা অপ্রয়োজনীয় ছিল।









