মধ্যপ্রাচ্যের ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কার্যত শেষ হয়েছে।শুক্রবার কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির পর থেকে আর কোনো সংঘর্ষ হয়নি এবং গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া শত্রুতার সমাপ্তি ঘটেছে।
তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের হুমকি এখনো গুরুত্বপূর্ণ এবং তা মোকাবিলায় প্রস্তুতি অব্যাহত থাকবে।
চিঠিতে তিনি দাবি করেছেন, এই যুদ্ধে তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়নি।একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে সেনা মোতায়েন বা অবস্থান পরিবর্তনের বিষয়ে কংগ্রেসকে অবহিত করা হবে।ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে।
এদিকে, সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জিন শাহীনের প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন।তিনি বলেছেন, ৬০ দিনের সংঘাত পেরিয়ে গেলেও ট্রাম্প প্রশাসনের কাছে এখনো কোনো সুস্পষ্ট কৌশল বা ‘এক্সিট প্ল্যান’ নেই।একই সঙ্গে তিনি এই সময়সীমাকে আইনি দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
ওয়ার পাওয়ারস রেজুলেশন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো মার্কিন প্রেসিডেন্ট সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত সামরিক অভিযান চালাতে পারেন।এরপর অভিযান অব্যাহত রাখতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হয়, নতুবা নির্ধারিত সময়ের মধ্যে সেনা প্রত্যাহারের উদ্যোগ নিতে হয়।
যদিও যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, তবু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি হয়নি।একই দিনে পাকিস্তানের মধ্যস্থতায় দেওয়া ইরানের সংশোধিত প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, ফলে ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রগতি নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।









