আকাশ জুড়ে মেঘ, বাইরে টিপটিপ বৃষ্টি আর ঘরের ভেতর একটু অন্ধকার; এমন আবহাওয়ায় অনেকেই হঠাৎ ঘুমঘুম ভাব অনুভব করেন। কাজের ফাঁকে চোখ ভারী হয়ে আসে, বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে। কিন্তু এটি কি শুধু অলসতা? বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে শরীরের একাধিক বৈজ্ঞানিক কারণ।
ঘুমভাব বাড়ার প্রধান কারণগুলো কী?
বৃষ্টির দিনে সূর্যের আলো কমে যায়। এই আলো কমে গেলে মস্তিষ্কে মেলাটোনিন নামের ঘুম-নিয়ন্ত্রক হরমোনের প্রভাব বেড়ে যায়, ফলে তন্দ্রা স্বাভাবিকভাবেই বাড়ে। একই সঙ্গে সেরোটোনিনের মাত্রাও কিছুটা কমে যেতে পারে। এই হরমোন আমাদের মুড ও এনার্জির সঙ্গে জড়িত। যা আমাদের এনার্জি ও মনোযোগে প্রভাব ফেলে।
এছাড়া ঠান্ডা ও আরামদায়ক আবহাওয়াও শরীরকে বিশ্রামের দিকে টেনে নেয়। কম তাপমাত্রায় শরীর স্বাভাবিকভাবেই রিল্যাক্স করতে চায়, তাই ঘুম পেতে সময় লাগে না।
আরেকটি বড় কারণ হলো বৃষ্টির শব্দ। টিপটিপ বৃষ্টির শব্দ অনেকের কাছে হোয়াইট নয়েজের মতো কাজ করে, যা বাইরের বিরক্তিকর শব্দ ঢেকে দিয়ে মনকে শান্ত করে এবং ঘুমকে সহজ করে তোলে।
মনস্তাত্ত্বিক দিক থেকেও বৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকের কাছে বৃষ্টি মানেই আরাম, নস্টালজিয়া বা শান্ত অনুভূতি। এই মানসিক আরামও শরীরকে আরও অলস ও বিশ্রামমুখী করে দেয়।
বিশেষজ্ঞদের মতে, মাঝে মাঝে বৃষ্টির দিনে বেশি ঘুম আসা একেবারেই স্বাভাবিক। তবে যদি এটি নিয়মিত হয়, কাজের গতি কমে যায় বা বিশ্রামের পরও ক্লান্তি না কাটে, তাহলে তা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে।
তন্দ্রা কমাতে যা করণীয়
ঘুমঘুম ভাব কমাতে কিছু সহজ অভ্যাস কাজে দেয়। দিনের বেলায় পর্যাপ্ত আলো নেওয়া, হালকা হাঁটা বা শরীরচর্চা করা, পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মিত ঘুমের রুটিন বজায় রাখা।
সব মিলিয়ে, বৃষ্টির দিনে ঘুম ঘুম ভাব আসা কোনো সমস্যা নয়; বরং আলো, হরমোন, আবহাওয়া আর শব্দ সব মিলিয়ে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। তাই এমন দিনগুলোতে একটু অলসতা উপভোগ করলেও, ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে জরুরি।









