দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।একই সঙ্গে কয়েকটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
শনিবার(০২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।এর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রথম দিন ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
দ্বিতীয় ও তৃতীয় দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাত বেশি হতে পারে।কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
চতুর্থ দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্য কয়েকটি বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পঞ্চম দিনও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।তবে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।









