মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতি ভারতে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে দেশটিতে রান্নার সিলিন্ডার গ্যাস এবং বিমান জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়িক খাতেও নতুন চাপ তৈরি করেছে।
শুক্রবার (১ মে) ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কোম্পানি এক বিবৃতিতে জানায়, পাইকারি ও বাণিজ্যিক গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন এই মূল্য তালিকা অনুযায়ী, ১৯ কেজির একটি সিলিন্ডার গ্যাসের দাম একদিনের ব্যবধানে ৯৯৩ রুপি বেড়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।
ভারত জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল একটি দেশ। বিশেষ করে রান্নার গ্যাসের প্রায় ৬০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। বিশ্বের মধ্যে রান্নার কাজে গ্যাস ব্যবহারে ভারত শীর্ষস্থানে থাকায় আন্তর্জাতিক বাজারের ওঠানামা দেশটির অভ্যন্তরীণ বাজারে দ্রুত প্রভাব ফেলে।
নতুন মূল্য কার্যকর হওয়ার পর রাজধানী দিল্লিতে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম এক লাফে প্রায় ৪৮ শতাংশ বেড়ে গেছে। আগে যেখানে একটি সিলিন্ডারের দাম ছিল ২ হাজার ৮০ রুপি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭১ রুপিতে।
এদিকে শুধু গ্যাস নয়, বিমান জ্বালানির দামও বাড়ানো হয়েছে। দিল্লিতে বিমান জ্বালানির মূল্য আগের তুলনায় প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই মূল্যবৃদ্ধি মূলত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকট এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আগামী দিনগুলোতে এ ধরনের মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে আরও চাপ সৃষ্টি করবে।
সূত্র: আলজাজিরা









