সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ. ন ম এহছানুল হক মিলন। খুব শিগগিরই চাকরির বিধি অনুযায়ী শর্তসাপেক্ষে নিয়োগ কার্যকর করা হবে বলে জানান মন্ত্রী।
শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
এ সময় তিনি বলেছেন, সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে যোগদানে শর্তসাপেক্ষে খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে।
এহছানুল হক মিলন আরও জানান, তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ায় এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। তবে সবদিক বিবেচনা করে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করছে সরকার।
শিক্ষক সংকট নিরসনে এই নিয়োগ দ্রুত বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের।
এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ট্রান্সফার শিগগিরই শুরু হবে বলেও জানান মন্ত্রী।









