সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ৮০ ভাগই নারী থাকবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। তাদের মধ্যে ৮০ ভাগ থাকবে নারী। তাদের দায়িত্ব হবে, গ্রামে গ্রামে মানুষের ঘরে যাওয়া। তারা গ্রামে গিয়ে মানুষকে বোঝাবে, কোন খাবার খেলে ডায়াবেটিস হবে, কোন খাবার খেলে হার্টে সমস্যা হবে না, সেসব বিষয়ে সচেতন করবে, হাইজিন সম্পর্কে মানুষকে সচেতন করবে। এতে করে অসুস্থ রোগীর সংখ্যা কমে আসবে।’
তারেক রহমান বলেন, শহরের মানুষ কিছুটা চিকিৎসাসেবা পেলেও গ্রামের মানুষদের আমরা চিকিৎসা সুবিধা দিতে পারিনি। সেজন্য আমরা বলেছিলাম, আমরা একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে অসুস্থতার হার কমে আসবে।
দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেক উদ্যোগের কথা বলেছিলাম। বর্তমান সরকারের বয়স খুব কম সময় হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে এরইমধ্যে কাজ শুরু হয়েছে।’
‘নানা সমস্যা আছে, আসার সময় দেখলাম সুনামগঞ্জের বিরাট একটা অংশে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চট্টগ্রামে জলবদ্ধতার সমস্যা তৈরি হয়েছিল। যদিও বেশিরভাগ সত্যতা ছিল না’, যোগ করেন তারেক রহমান।
ঢাকা–সিলেট মহাসড়কের উন্নয়ন নিয়েও তিনি কথা বলেন। আগামী কয়েক বছরের মধ্যে এই মহাসড়কের উন্নয়ন কাজ শেষ করা হবে এবং রেল যোগাযোগ বাড়াতে দুই লেন করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।









