জনপ্রিয় কন্নড় সুপারস্টার যশ ভক্তদের জন্য দিলেন মন খারাপের খবর। তার নতুন দুটি সিনেমা মুক্তির পরই অভিনয় থেকে সাময়িক বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস নাওয়ের তথ্য অনুযায়ী, ‘রামায়ণ’ ও ‘টক্সিক’ এই দুই বড় বাজেটের সিনেমা মুক্তির পরই বিরতিতে যাবেন এই তারকা।
যশ নিজেই জানিয়েছেন, “২০২২ সালের পর আমার কোনো সিনেমা মুক্তি পায়নি; এতে ভক্তরা হতাশ হয়েছেন, আমি সেটা বুঝি। কিন্তু আমি এখন নতুন লক্ষ্য ও ভিশন নিয়ে এগোচ্ছি, যার জন্য সময় ও একাগ্রতা প্রয়োজন।”
যশ আরও বলেন, বর্তমানে আমি একনাগাড়ে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাই এখন বিরতি নেয়ার দিকেই বেশি ঝুঁকেছি।
তবে ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, ‘কেজিএফ’ খ্যাত কন্নড় সুপারস্টার অভিনয় ছাড়ছেন না বরং আগামীতে বড় ও ভালো প্রজেক্টে কাজ করার জন্য বিরতি নেয়ার কথা ভাবছেন।
যশের আসন্ন সিনেমা দুটি সিনেমার নাম গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ এবং নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক গল্পের সিনেমা ‘রামায়ণ’।
‘টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ সিনেমায় অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকাদের। অন্যদিকে ‘রামায়ণ’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও সানি দেওল।









