জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ দিবস উপলক্ষে আমি দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংবাদপত্র সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরো বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের আশা-আকাক্সক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই।
গোলাম পরওয়ার আরো বলেন, দুঃখজনক হলেও সত্য, দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।









