জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন সারজিস আলম। মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ তীব্র পেটব্যথা শুরু হলে তাকে ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকরা তার অবস্থা পর্যালোচনা করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সন্ধ্যার পর অস্ত্রোপচার শুরু হয়ে সফলভাবে শেষ হয়।
এদিকে, সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।









