রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আগামী ৬ ঘণ্টার এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই ঢাকার অনেক এলাকায় আকাশ মেঘলা দেখা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে কালবৈশাখীর প্রভাবে উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। মেঘ ও বৃষ্টির মধ্যেও আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে। বৈরী আবহাওয়ার আশঙ্কায় সাধারণ মানুষকে চলাচলের সময় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা —









