ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার প্ররোচনার মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রবিবার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম এ আদেশ দেন।
গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ রবিবার দিন ধার্য করেন। আজকে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পরিবারের সঙ্গে রাজধানীর বাড্ডা এলাকায় বসবাস করতেন। গত রবিবার সকালে নিজ কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে ব্যক্তিগত বিষয় ও আর্থিক লেনদেনের উল্লেখ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে আদালতে হাজির করলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।









