মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্তবর্তী বসতি আভিভিমে একাধিক রকেট নিক্ষেপ করেছে। রোববার (৩ মে) এই হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
সেনাবাহিনী জানায়, ছোড়া রকেটগুলোর মধ্যে একটি প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে বাকি রকেটগুলো কোথায় গিয়ে পড়েছে, তা এখনো নিরূপণ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এটি হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, দুই পক্ষের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই বাড়ছিল।
ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতিক বড় আঞ্চলিক সংঘাত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। ওই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে পড়ে।
পরবর্তীতে ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে। পরে ইরানের চাপের মুখে ১৬ এপ্রিল হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল। তবে বাস্তবে পরিস্থিতি শান্ত হয়নি।
অভিযোগ রয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর করছে এবং হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর জবাবে হিজবুল্লাহও নিয়মিত পাল্টা আক্রমণ চালাচ্ছে।
সাম্প্রতিক দিনগুলোতে ড্রোন হামলার পাশাপাশি সীমান্তবর্তী বসতিগুলো লক্ষ্য করে রকেট নিক্ষেপ বাড়িয়েছে হিজবুল্লাহ। ফলে পুরো অঞ্চল আবারও বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল









