দেশজুড়ে হঠাৎ করেই একযোগে মোবাইল ফোনে জোরালো অ্যালার্ট সাউন্ড বেজে ওঠায় চমকে ওঠেন ভারত-এর বহু নাগরিক। ‘অত্যন্ত গুরুতর সতর্কবার্তা’ শিরোনামের এই বার্তা মুহূর্তেই সৃষ্টি করে বিভ্রান্তি ও উদ্বেগ।
দেশটির প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার সকালে সরকারের পক্ষ থেকে ‘জরুরি দুর্যোগ সতর্কতা’ ব্যবস্থার পরীক্ষামূলক সম্প্রচার চালু করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
নাগরিকদের মোবাইল স্ক্রিনে ‘Extremely Severe Alert’ শিরোনামে একটি বার্তা ভেসে ওঠে। সেখানে উল্লেখ করা হয়, ভারত সরকার নাগরিকদের জন্য তাৎক্ষণিক দুর্যোগ সতর্কতা সেবা চালুর লক্ষ্যে নিজস্ব প্রযুক্তিতে সেল ব্রডকাস্ট চালু করেছে। ‘সতর্ক নাগরিক, নিরাপদ দেশ’ এমন বার্তাও যুক্ত ছিল এতে।
বার্তায় স্পষ্টভাবে জানানো হয়, এটি একটি পরীক্ষামূলক প্রচার এবং এর জন্য সাধারণ মানুষের কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। এরপরও হঠাৎ অ্যালার্ট সাউন্ডে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ নাগরিকদের আশ্বস্ত করে জানায়, এটি জরুরি সতর্কতা ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের অংশ। ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার জন্যই এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, সারা দেশে ধাপে ধাপে সেল ব্রডকাস্ট (CB) সুবিধা চালুর আগে এর নির্ভরযোগ্যতা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার সময় ইংরেজি, হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় একাধিকবার এমন বার্তা পাঠানো হতে পারে।
এই প্রযুক্তি জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন-এর সুপারিশ অনুযায়ী তৈরি করা ‘কমন অ্যালার্টিং প্রটোকল (CAP)’-এর ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়নে টেলিকমিউনিকেশন বিভাগ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।
উল্লেখ্য, এর আগেও গত ফেব্রুয়ারিতে একই ধরনের একটি পরীক্ষামূলক অ্যালার্ট সারা দেশে পাঠানো হয়েছিল। তখন আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ‘টেস্ট অ্যালার্ট’ শিরোনামে একই ধরনের বার্তা পেয়েছিলেন। সরকার আবারও নাগরিকদের এ ধরনের পরীক্ষামূলক বার্তা পেলে আতঙ্কিত না হয়ে তা উপেক্ষা করার আহ্বান জানিয়েছে।









