সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সৈকত মুখার্জী (১৮) স্থানীয় সরকারি মহসীন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি উপজেলার বংশীপুর গ্রামের অদিত্য মুখার্জীর ছেলে।
শনিবার (২ মে) সকালে উপজেলার বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে খাবার শেষে সৈকত নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে এক সহপাঠী ফোন করে তার খোঁজ নিতে বললে পরিবারের সন্দেহ হয়। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্বজনরা। সেখানে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
তাৎক্ষণিকভাবে সৈকতকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেছেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









