যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সামরিক সংঘাত শুরু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মোহাম্মদ জাফার আসাদি। দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
গত বৃহস্পতিবার পারমাণবিক ও কূটনৈতিক সমঝোতা নিয়ে ওয়াশিংটনের কাছে নতুন সংশোধিত প্রস্তাব পাঠায় তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে সন্তুষ্ট নন এবং একই সঙ্গে তিনি ইরানের সমালোচনাও করেন।
এরপরই ইরানি কমান্ডার জাফার আসাদি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘাত শুরু হতে পারে। (আমাদের কাছে থাকা) প্রমাণ বলছে, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করে না।
তিনি বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খতম আল-আনবিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “আরব উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ইরানি উপকূল অংশের ২ হাজার কিলোমিটার উপকূলরেখার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে আইআরজিসির নৌবাহিনী। শিগগিরই এ ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তাদের ভাষ্য, এই উদ্যোগের লক্ষ্য হলো ওই জলপথকে জাতীয় শক্তি, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক হিসেবে গড়ে তোলা।
আরব সাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থল ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়েই পরিবহন করা হয়।









