সিলেট জেলা স্টেডিয়ামে দেশের সবচেয়ে বৃহৎ জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন কুঁড়ি প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। সেখান থেকেই একসঙ্গে দেশের ৬৪টি জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেছেন, আগামী বাংলাদেশের দায়িত্ব নিতে হবে তাদের। এ সময় শিশু-কিশোরদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করার কথাও বলেন প্রধানমন্ত্রী।
সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে শুরু হলো এই প্রতিযোগিতা। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে চায় সরকার।
বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করছে ক্রীড়া পরিদপ্তর; তত্ত্বাবধায়নে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আশির দশকের জনপ্রিয় প্রতিভার অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।
এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, এটা একটি যুগান্তরকারী কর্মসূচি। নতুন কুঁড়ি স্পোর্টস ভবিষ্যত প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করবে।









