গণভোট নিয়ে সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি।
তিনি বলেছেন, গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায় অস্বীকার করেছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা করেনি।
শনিবার (২ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সেখানে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ বিষয়ক জাতীয় কনভেনশন নিয়ে কথা বলা হয়।
আখতার হোসেন বলেছেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের জন্য খুব সামান্য অর্থ ফেরত দিলেই মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এতে ভবিষ্যতে আরও বড় ধরনের লুটপাটের পথ খুলে যাবে।
এসময় ব্যাংকিং খাতে বড় ধরনের অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন এনসিপি নেতা।
এনসিপি নেতা আরও বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে একপক্ষে মত দেওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। সে অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম, সরকার গঠন করার পর সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সেটিকে কখনো ‘প্রতারণার দলিল’, কখনো ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
তিনি জানান, সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে হলে একটি উচ্চতর কাঠামোর প্রতিষ্ঠান প্রয়োজন। সেই প্রয়োজন থেকেই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এসেছে, যা আগে কোনো দলই প্রত্যাখ্যান করেনি।
#ট্যাগ
আখতার হোসেন, এনসিপি, ব্যাংক খাত, ব্যাংক লুটপাট, অর্থনীতি, রাজনৈতিক সংবাদ, গণভোট, সংবিধান সংস্কার, বাংলাদেশ রাজনীতি,









