জনগণের সেবা নিশ্চিত করতে থানাগুলোকে দালালমুক্ত ও সুশৃঙ্খল রাখতে হবে বলে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২ মে) রাজধানীর রমনা মডেল থানা পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন।
থানা পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পরে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসার এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তাদের কর্মপরিবেশ, বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় সম্পর্কে খোঁজ নেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশনা দেন।
সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দায়িত্বে গাফিলতি বা দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।









