গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ‘দম’এর পর আবারও নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত একটি পোস্টারের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেওয়া হয়। পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকমহলে শুরু হয়েছে আগ্রহ ও আলোচনা।
সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে সমাজের প্রভাবশালী গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া এক অমর প্রেমের কাহিনি, যেখানে রয়েছে প্রেম, বিরহ এবং জীবনের কঠিন বাস্তবতার মিশ্রণ।
আসন্ন ঈদুল আজহায় বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘নাকফুলের কাব্য’।
সিনেমাটি নিয়ে পূজা চেরী বলেছেন, এই গল্পটি আমার হৃদয়ের খুব কাছের। এখানে প্রেম, কষ্ট আর স্বপ্ন খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। আমি বিশ্বাস করি দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেদের মিলিয়ে নিতে পারবেন এবং সিনেমাটি তাদের মনে দাগ কাটবে।
আলোক হাসানের পরিচালনায় নির্মিত এই সিনেমায় পূজা চেরীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। প্রেম, রোমান্টিকতা ও কমেডি ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, আলীরাজসহ অনেকে।









