ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা)-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বৈশাখ উৎসব। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্বোধন করেন ডুপডা’র সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী। এতে অংশ নেন বিভাগের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) ফ্লোরে অনুষ্ঠিত অনুষ্ঠানটি বিকেল থেকেই প্রাণবন্ত হয়ে ওঠে। বিকেল ৪টায় শুরু হয় ঐতিহ্যবাহী বৈশাখী ভোজ, যেখানে অংশগ্রহণকারীরা বাঙালির নানা রকম ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন। এরপর বিকেল ৫টা থেকে শুরু হয় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পুরো আয়োজনকে আরও প্রাণচঞ্চল করে তোলে।
অনুষ্ঠানটি সুনিপুণভাবে পরিচালনা করেন শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক আবদুল কাদের তালুকদার। সাংস্কৃতিক পর্বে রেডিও ও টেলিভিশনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। এ সময় গান পরিবেশন করেন ইরাবতী মন্ডল, জসিম উদ্দিন কবির, স্বপন কুমার দে, অপরাজিতা অপু, শাহনাজ পাপড়ি এবং এফ. এম. জামাল। পাশাপাশি দম্পতি রেজাউল করিম ও জেসমিন ফেরদৌস মিনি যৌথভাবে কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন।
দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে আন্তরিক নৈশভোজের মধ্য দিয়ে। প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়, যেখানে পুরোনো স্মৃতিচারণার পাশাপাশি নতুন সম্পর্কের বন্ধনও গড়ে ওঠে।
ডুপডা’র এই উদ্যোগ বৈশাখের উৎসবমুখর আনন্দকে অংশগ্রহণকারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।









