ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় শিফাত হোসেন ওরফে শিজান (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২ এপ্রিল) সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
নিহত শিফাত উপজেলার জামালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. সাঈদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে জামালপুর চৌরঙ্গী এলাকার বামনা সংলগ্ন বাজারের উত্তর পাশে একটি বাঁশঝাড়ে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।
নিহতের বাবা মো. সাঈদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত হাসপাতালে গিয়ে তিনি ছেলের মরদেহ দেখতে পান এবং পরে বিষয়টি থানায় অবহিত করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।









