দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি, বজ্রসহ ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
আজ রোববার (৩ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিনে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
৪ ও ৫ মে দেশের প্রায় সব বিভাগেই কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
৬ মে পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এ সময় বজ্রসহ বৃষ্টি এবং কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
৭ মে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার ক্ষেত্রে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।পরবর্তী দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।









