মানুষের স্বভাব কি জন্ম থেকেই নির্ধারিত, নাকি জীবন-পরিবেশই তাকে গড়ে তোলে-এই প্রশ্ন বহু বছর ধরে বিজ্ঞানীদের আলোচনার কেন্দ্রে।ব্যক্তিত্বের রহস্য জানতে গিয়ে গবেষকেরা একসময় মনে করেছিলেন, কিছু নির্দিষ্ট জিনই মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে।কিন্তু আধুনিক গবেষণা বলছে, এটা জীনতত্ত্ব এবং পরিবেশের ওপর অনেকটা নির্ভর করে।
একসময় একটি বিশেষ জিনকে “যোদ্ধা জিন” নামে পরিচিত করা হয়েছিল।ধারণা ছিল, এটি মানুষের আক্রমণাত্মক আচরণের সঙ্গে জড়িত।তবে পরে দেখা যায়, মানুষের আচরণকে একক কোনো জিন দিয়ে ব্যাখ্যা করা যায় না।বরং হাজারো জিনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রভাব একত্রে আমাদের স্বভাব ও মানসিক গঠন তৈরি করে।
বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিত্ব কোনো এক বা দুইটি জিনের ফল নয়।তাই শুধু জিন বিশ্লেষণ করে একজন মানুষের ভবিষ্যৎ আচরণ বা চরিত্র আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়।
যমজদের ওপর দীর্ঘদিন ধরে চালানো গবেষণাও এই বিষয়টি স্পষ্ট করেছে।একই পরিবারে, একই পরিবেশে বড় হলেও যমজ ভাইবোনের ব্যক্তিত্ব পুরোপুরি এক হয় না।
বিজ্ঞানীদের ধারণা, মানুষের ব্যক্তিত্বের প্রায় অর্ধেক জিনগত কারণে প্রভাবিত হতে পারে, আর বাকি অংশ গড়ে ওঠে পরিবেশ, অভিজ্ঞতা ও সামাজিক বাস্তবতার মাধ্যমে।
পরিবেশের ভূমিকা নিয়েও সময়ের সঙ্গে বিজ্ঞানীদের ধারণা বদলেছে।আগে মনে করা হতো, বড় দুর্ঘটনা, চাকরি হারানো বা জীবনের বড় পরিবর্তন মানুষের ব্যক্তিত্ব আমূল বদলে দিতে পারে।কিন্তু গবেষণায় দেখা গেছে, এসব ঘটনা অনেক সময় সাময়িক প্রভাব ফেললেও দীর্ঘমেয়াদে স্বভাবকে খুব বেশি বদলায় না।
বরং শৈশবের অভিজ্ঞতা ব্যক্তিত্ব গঠনে তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ।ছোটবেলার মানসিক চাপ, অবহেলা, নিরাপত্তাহীনতা বা কঠিন পারিবারিক পরিবেশ ভবিষ্যতে মানুষের মানসিক বৈশিষ্ট্যে গভীর প্রভাব ফেলতে পারে।
গবেষকেরা বলছেন, শুধু জিন বা শুধু পরিবেশ-কোনোটিই একা মানুষের ব্যক্তিত্ব নির্ধারণ করে না।বরং এই দুইয়ের জটিল পারস্পরিক সম্পর্কই মানুষকে গড়ে তোলে।অনেক ক্ষেত্রে পরিবেশ জিনের প্রভাবকে বাড়িয়ে দিতে পারে, আবার কমিয়েও দিতে পারে।
নতুন গবেষণায় আরও জানা গেছে, মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ এবং চাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখা কিছু জিন মানুষের স্বভাবের সঙ্গে সম্পর্কিত।তবে এসব প্রভাবও সীমিত এবং বহুস্তরবিশিষ্ট।
বিশেষজ্ঞদের মতে, মানুষের চরিত্র কোনো স্থির বিষয় নয়।সময়, বয়স, অভিজ্ঞতা এবং পরিস্থিতির সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বেও পরিবর্তন আসতে পারে।
সবশেষে বিজ্ঞানীরা এখন প্রায় একমত-মানুষকে শুধু জন্মগত বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় না।আমাদের ব্যক্তিত্ব হলো জিন, পরিবেশ ও জীবনের অভিজ্ঞতার এক চলমান মিশ্রণ, যা প্রতিনিয়ত গড়ে ওঠে এবং বদলাতে থাকে।









