নিজের বিয়ে বিচ্ছেদ সম্পর্কে মুখ খুলেছেন আলোচিত অভিনেত্রী তানজিকা আমিন। ২০১১ সালে স্থপতি এনামুল করিম নির্ঝরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র দুই বছরের মধ্যে সংসারে ফাটল ধরার কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর খুবই ভালো মানুষ। সে এখন অন্য জায়গায় সুন্দরভাবে সংসার করছে, আমিও আমার জায়গায় ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে থাকা হয়নি।
২০০৪ সালের ‘লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন তানজিকা আমিন। এরপর ধীরে ধীরে পেশাদার অভিনয়ে নিজেকে যুক্ত করলেও দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে কাজের সংখ্যা তুলনামূলক কম। তবে দুই বছর আগে ওটিটি সিরিজ ‘মহানগর ২’-এ অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি। এর পর থেকে টেলিভিশন নাটক ও ওটিটি দুই মাধ্যমেই তাঁর ব্যস্ততা বেড়েছে।
জানা যায়, বড় কোনো অভিযোগ নয়, ব্যক্তিত্বের অমিল ও বোঝাপড়ার ঘাটতিই ছিল বিচ্ছেদের মূল কারণ। বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন তানজিকা। পরবর্তীতে ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে এক সংবাদমাধ্যমকে তানজিকা বলেছিলেন, তাঁর বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল না, বরং বিচ্ছেদটাই ছিল অনাকাঙ্ক্ষিত। তাঁর ভাষায়, ‘আমাদের একটা অভ্যাস কোনো কিছু কাজ না করলে সেটাকে ভুল সিদ্ধান্ত বলি। কিন্তু আমার বিয়ের সিদ্ধান্ত পারফেক্ট ছিল। ডিভোর্সটা আনফরচুনেটলি হয়েছে। আমাদের সময়টা সুন্দর ছিল, আমি তা উপভোগ করেছি। এসব নিয়ে কোনো অনুশোচনা নেই।









