দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে হাম উপসর্গে ১৫ ও নিশ্চিত হামে ২ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে প্রকাশিত এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫২ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৫৯ শিশু।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৫ হাজার ৪৬৭ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪১ হাজার ৭৯৩ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৬১ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭০৫ শিশু।









