পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
তারা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি নিয়েও সংক্ষেপে পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাঙ্ক্ষার দ্বারা চালিত এই সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।
হাইকমিশনার উভয় দেশের নিজ নিজ জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সকল ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।
হাইকমিশনারের অবদানের জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।









