ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট সমর্থিত প্রার্থী ও এনসিপি নেত্রী মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৩ মে) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেন।পরে হাইকোর্ট ২৭ এপ্রিলের এক আদেশে তার মনোনয়নপত্র গ্রহণ করে বাছাই করার নির্দেশ দেন।সেই নির্দেশনা অনুযায়ী ২ মে বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১০-এর উপধারা (৮) অনুযায়ী বৈধ প্রার্থীদের তালিকায় মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।









