দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার (দুপুর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ধর্মপ্রাণ জনগণ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বেদদিঘী ইউনিয়নের চিন্তামন নয়াপাড়া গ্রামের বাসিন্দা আসাদুল্লাহর বিরুদ্ধে কয়েক দিন আগে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগ ওঠে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার ফুলবাড়ী থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার দুপুর তিনটার দিকে বেদদিঘী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেদদিঘী ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
সমাবেশে সঞ্চালনা করেন এস এম নাজিব। এতে বক্তব্য দেন আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা ফুলবাড়ীর সভাপতি মুফতি নাজিবুল্লাহ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাওলানা আল আমিন বিন আমজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, জামায়াতে ইসলামী বেদদিঘী ইউনিয়ন শাখার আমির মাওলানা আশিকুর রহমান, বেদদিঘী ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ ইলিয়াস এবং ছাত্রনেতা জাকি হাবিব।
বক্তারা কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পাশাপাশি তারা সমাজে বিভ্রান্তিকর কার্যকলাপ ও ভণ্ডামির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সমাবেশ শেষে মাদিলাহাট প্রধান সড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। কর্মসূচির শেষাংশে মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।









