পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবারের ন্যায় প্রবাসীরা আগেভাগেই দেশে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠাতে শুরু করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার কোটি টাকার বেশি।
রবিবার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।
খাত সংশ্লিষ্টরা অবগত করেন, ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু কেনা এবং পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসী বাংলাদেশিরা তুলনামূলক বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে একটি চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। এই বাড়তি প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও মনে করছেন তারা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গেল মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এটিই দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। তার আগে ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছিলেন ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার।









